সংস্কারের অভাবে গ্রামীণ সড়ক যেন মরণফাঁদ
ময়মনসিংহের ভালুকা উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ সড়কগুলো দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ সড়কগুলো দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কোথাও কোথাও এক দশকেরও বেশি সময় ধরে সংস্কারকাজ না হওয়ায় সড়কগুলো এখন দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ মরণফাঁদে পরিণত হয়েছে। এ অবস্থায় প্রতিদিন হাজারো মানুষ পড়েছে চরম দুর্ভোগে।
অধিকাংশ সড়কে বড় বড় গর্ত ও খানাখন্দ তৈরি হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা বিরুনীয়া রোড, রাজৈ-পনাশাইল রোড, ঝালপাজা রোড, ভয়টাপাড়া রোড, সাতেঙ্গা রোড ও কুচখালী রোডের। এ ছাড়া উপজেলার অসংখ্য গ্রামীণ রাস্তা একইভাবে বেহাল দশায় রয়েছে।
স্থানীয়দের দাবি, এসব সড়ক নির্মাণের পর ১০ থেকে ১২ বছর পার হলেও কোনো সংস্কারকাজ হয়নি। বর্ষায় খানাখন্দে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। রাস্তা ও গর্তের পার্থক্য বোঝা যায় না বলে প্রায়ই অটোরিকশা ও ভ্যান উল্টো দুর্ঘটনা ঘটে, আহত হন চালক ও যাত্রীরা। জরুরি রোগী ও প্রসূতিকে উপজেলা হাসপাতালে নেওয়াও হয়ে পড়েছে কষ্টসাধ্য।
ভয়টাপাড়া এলাকার শাহাদাত হোসেন বলেন, রাস্তাটি অনেক দিন আগে তৈরি হলেও সংস্কার করা হয়নি। চলাচলে খুব সমস্যা হচ্ছে, দ্রুত সংস্কার প্রয়োজন। অটোরিকশাচালক জসিম বলেন, ভাঙা রাস্তায় গাড়ি চালানো কষ্টকর, প্রায়ই গাড়ি উল্টে যাওয়ার ঝুঁকি থাকে।
এমবি/টিআই

