বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ; প্রার্থী হতে পারেন ঢাকা-১৮ থেকে
মেঘনাবার্তা প্রতিনিধি: বিএনপির প্রাথমিক সদস্যপদ নিয়েছেন জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর বড় ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে এ তথ্য জানা গেছে।
দলীয় সূত্রে জানা যায়, স্নিগ্ধর প্রাথমিক সদস্যপদ গ্রহণের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান এবং স্নিগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান।
রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন উঠেছে, আসন্ন নির্বাচনে ঢাকা-১৮ আসন থেকে বিএনপির প্রার্থী হতে পারেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এই আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড এবং বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত।
এর আগে সোমবার বিএনপি ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে, যেখানে ৬৩টি আসন ফাঁকা রাখা হয়। ওই তালিকায় ঢাকা-১৮ আসনটিও রয়েছে, যা স্নিগ্ধর প্রার্থিতা সম্ভাবনাকে আরও জোরদার করেছে।
এমবি/এসআর

