বিএনপির জয় মেনে নিলেন জামায়াত আমীর শফিকুর রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে বিজয়ী হিসেবে মেনে নিয়ে ফলাফল স্বীকৃতির ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমীর ডা. শফিকুর রহমান।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে বিজয়ী হিসেবে মেনে নিয়ে ফলাফল স্বীকৃতির ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমীর ডা. শফিকুর রহমান। একইসঙ্গে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৪৪ মিনিটের দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
পোস্টে শফিকুর রহমান লিখেন, শুরু থেকেই তারা একটি স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন এবং সেই অবস্থানে এখনো অটল আছেন। তিনি বলেন, “আমরা সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দিচ্ছি এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।”
বিগত মাসগুলোতে নির্বাচনী কার্যক্রমে যুক্ত স্বেচ্ছাসেবক ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, অনেকে নিজেদের সময়, শক্তি ও বিশ্বাস উৎসর্গ করেছেন। কেউ কেউ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে ভয়ভীতি ও হয়রানির শিকার হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি লেখেন, ফলাফল নিয়ে অনেকের মধ্যে হতাশা থাকাটা স্বাভাবিক। তবে তাদের প্রচেষ্টা বৃথা যায়নি। ৭৭টি আসন নিয়ে দলটি সংসদে নিজেদের উপস্থিতি প্রায় চারগুণ বৃদ্ধি করেছে এবং আধুনিক বাংলাদেশের রাজনীতিতে একটি শক্তিশালী বিরোধী ব্লকে পরিণত হয়েছে বলে দাবি করেন তিনি।
রাজনীতির পরিবর্তনশীল বাস্তবতার প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, ২০০৮ সালে বিএনপি ৩০টি আসনে নেমে এলেও দীর্ঘ পথ পাড়ি দিয়ে আবার সরকার গঠন করেছে। গণতান্ত্রিক রাজনীতি একটি দীর্ঘ পথ— এমন মন্তব্য করে তিনি বলেন, তাদের লক্ষ্য এখন মানুষের আস্থা অর্জন, ক্ষমতাকে জবাবদিহির আওতায় আনা এবং দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা রাখা।
সবশেষে শফিকুর রহমান বলেন, তাদের আন্দোলন কেবল একটি নির্বাচনের জন্য ছিল না; বরং গণতান্ত্রিক সংস্কৃতি শক্তিশালী করা, নাগরিক অধিকার রক্ষা এবং ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও নীতিনিষ্ঠ ও শান্তিপূর্ণ রাজনীতির প্রতি দলের অঙ্গীকার অবিচল থাকবে বলে জানান তিনি।
এমবি এইচআর

