প্রাইভেট পড়তে বের হয়ে নিখোঁজ, বিল থেকে মিলল স্কুলছাত্রীর লাশ

পাবনার ফরিদপুর উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর একটি বিল থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Jan 18, 2026 - 13:08
 0  2
প্রাইভেট পড়তে বের হয়ে নিখোঁজ, বিল থেকে মিলল স্কুলছাত্রীর লাশ
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

পাবনার ফরিদপুর উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর একটি বিল থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুরাইয়া খাতুন (১৩) ফরিদপুর উপজেলার জন্তিহার গ্রামের স্বপন খানের মেয়ে। সে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কালিয়াকৈর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি (মঙ্গলবার) বিকেলে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সুরাইয়া। এরপর আর সে বাড়ি ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় ১৬ জানুয়ারি সুরাইয়ার দাদা আব্দুল জব্বার খান ফরিদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

রোববার সকালে এলাকাবাসী জন্তিহার গ্রাম ও পার্শ্ববর্তী নলুয়া গ্রাম সংলগ্ন একটি বিলের মধ্যে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আকনজি বলেন, “নিখোঁজের পাঁচ দিন পর স্কুলছাত্রীর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

এমবি এইচআর