দীর্ঘ সংগ্রামের পর নিজের ঠিকানা গড়লেন স্বস্তিকা
দীর্ঘ বিরতির পর ছোট পর্দায় ফিরে আবারও নিজের অবস্থান শক্ত করছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। অল্প সময়ের মধ্যেই দর্শকের মন জয় করেছে তাঁর অভিনীত চরিত্র ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
দীর্ঘ বিরতির পর ছোট পর্দায় ফিরে আবারও নিজের অবস্থান শক্ত করছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। অল্প সময়ের মধ্যেই দর্শকের মন জয় করেছে তাঁর অভিনীত চরিত্র ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। কয়েক সপ্তাহ ধরেই টিআরপি তালিকায় ভালো অবস্থান ধরে রেখেছে ধারাবাহিকটি, যা প্রমাণ করে—ছোট পর্দায় পুরনো ফর্মেই ফিরেছেন তিনি।
টেলিভিশনের পাশাপাশি চলতি বছর বড় পর্দাতেও দেখা যাবে স্বস্তিকাকে। আসন্ন ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। কাজের সাফল্যের মধ্যেই ব্যক্তিগত জীবনেও এসেছে এক বড় প্রাপ্তি—দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ।
ধারাবাহিক, সিনেমা ও ওয়েব সিরিজ—গত কয়েক বছরে নানা মাধ্যমে নানা চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা। একজন অভিনেত্রীর জন্য এই বৈচিত্র্য নিঃসন্দেহে অর্জনের জায়গা। তবে ক্যামেরার আলোর বাইরে তাঁর মনে দীর্ঘদিন ধরে বাস করছিল আরেকটি স্বপ্ন—নিজের একটি বাড়ি।
অবশেষে ১২ বছরের অপেক্ষার পর সেই স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছে। নিজের ফ্ল্যাট কেনার অনুভূতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন ভাষায় তুলে ধরেছেন অভিনেত্রী। সেখানে উঠে এসেছে তাঁর জীবনসংগ্রাম, পাওয়া-না পাওয়ার গল্প এবং নিজেকে খুঁজে পাওয়ার দীর্ঘ পথচলার কথা।
স্বস্তিকা লিখেছেন, “স্বস্তিকাকে কতজন চেনেন আপনারা? আমি, অভিনেত্রী স্বস্তিকা দত্তের কথা বলছি না, আমি স্বস্তিকার কথা বলছি… জীবনে মানুষ এসেছে, বিদায় নিয়েছে। আমি কাউকে আটকাইনি। কথায় আছে, ‘যারা চলে যেতে চায় তাদের কে থামাতে পারে?’ কিন্তু আমার এই স্বপ্নটাকে আমি কোনো দিনও যেতে দিইনি। স্ট্রাগল আমিও করেছি—মানসিক, শারীরিক, ব্যক্তিগত।”
একই সঙ্গে আত্মসমালোচনাও করেছেন তিনি। নিজের চাওয়াকে যদি আরও আগে গুরুত্ব দিতে পারতেন, তাহলে হয়তো এই স্বপ্ন পূরণে ১২ বছর সময় লাগত না—এমন অনুভূতির কথাও প্রকাশ করেছেন স্বস্তিকা।
তিনি আরও লেখেন, ‘নিজের স্বপ্নের মধ্যে সবাইকে জায়গা দেবেন না। ওটা নিজের থাক। বাবা বলত, আমার বাড়ি হলে ব্যালকনি মাস্ট। মা বলত, আমাকে আমার মতো সাজাতে দেবে, কিন্তু ওই কাচের বাটি-গ্লাস এসব হবে না। একটু যদি নিজের স্বপ্ন পূরণের কথাটা আগে ভাবতাম, তাহলে ১২ বছর লাগত না… আমার এই পৃথিবীর অংশ আমি, আমার পরিবার।’
সব মিলিয়ে, পর্দায় সফল অভিনেত্রী হওয়ার পাশাপাশি বাস্তব জীবনে নিজের একটি ঠিকানা গড়ে তোলার এই যাত্রা স্বস্তিকা দত্তর কাছে নিঃসন্দেহে এক আবেগঘন ও স্মরণীয় অধ্যায়।
এমবি এইচআর

