বেতন-ছুটি পরিশোধ ছাড়াই কারখানা বন্ধ, সড়ক অবরোধে শ্রমিকরা

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন ও ছুটির পাওনা পরিশোধ না করে বিনা নোটিশে কারখানা বন্ধের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।

Feb 14, 2026 - 15:28
 0  1
বেতন-ছুটি পরিশোধ ছাড়াই কারখানা বন্ধ, সড়ক অবরোধে শ্রমিকরা
ছবি- সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন ও ছুটির পাওনা পরিশোধ না করে বিনা নোটিশে কারখানা বন্ধের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে কারখানার অদূরে মহাসড়কে অবস্থান নেন তারা।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভালুকা পৌরসভার বাঘরা এলাকায় অবস্থিত শেফার্ড গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান জিন্স লিমিটেড কারখানায় প্রায় ৫০০ শ্রমিক কর্মরত রয়েছেন। কারখানা কর্তৃপক্ষ গত মাসের ৬০ শতাংশ বেতন পরিশোধ করলেও বাকি ৪০ শতাংশ গত ৭ ফেব্রুয়ারি দেওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে তা পরিশোধ না করায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

শ্রমিকদের অভিযোগ, বকেয়া বেতন ও ছুটির পাওনা পরিশোধ না করেই কর্তৃপক্ষ হঠাৎ করে কারখানা বন্ধ ঘোষণা করে। এতে ক্ষুব্ধ হয়ে তারা মহাসড়কে অবস্থান নেন এবং প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

খবর পেয়ে ভালুকা মডেল থানা, শিল্প পুলিশ, হাইওয়ে থানা পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। পরে দুই পক্ষের মধ্যে সমঝোতার আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে যান।

আন্দোলনরত শ্রমিকরা জানান, এক মাসের বকেয়া বেতন ও ছুটির পাওনা পরিশোধ না হওয়া পর্যন্ত তাদের পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় থাকতে হচ্ছে। তারা দ্রুত পাওনা পরিশোধের দাবি জানান।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি ইসতিয়াক আহাম্মেদ বলেন, শ্রমিকদের কিছু দাবি নিয়ে তারা মহাসড়কে নেমেছিলেন। আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলে তারা সড়ক ত্যাগ করেন।

এমবি এইচআর