আড়াইহাজারে অবৈধ পিস্তল, গুলি ও মাদকসহ ৪ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি, মাদক, নগদ টাকা ও দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি, মাদক, নগদ টাকা ও দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে আড়াইহাজার সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তৌফিক এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে শনিবার (১০ জানুয়ারি) রাত ৩টার দিকে আড়াইহাজার উপজেলার হাইজাদি ইউনিয়নের ধন্দি ভিটি কামালদি এলাকার পাশে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ধন্দি ভিটি কামালদি এলাকার নাঈম (৩৮), প্রভাকরদি এলাকার রুবেল ভূঁইয়া (৩৩), ধন্দি ভিটি কামালদি এলাকার সুমন (৩০) এবং রুনা আক্তার (৩৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাঈমের বসতবাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার ঘর থেকে দুটি অবৈধ পিস্তল, দুটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ১৬ লাখ ৯০ হাজার টাকা, ১০৫ পিস ইয়াবা এবং ১৪–১৫টি দা, ছুরি ও চাকুসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, উদ্ধার করা অস্ত্র, মাদক ও নগদ টাকার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।
এমবি এইচআর

