নেত্রকোনায় এনসিপি নেতার বাড়িতে আগুন, পুড়লো স্ত্রীর স্যান্ডেল

Nov 10, 2025 - 12:29
 0  2
নেত্রকোনায় এনসিপি নেতার বাড়িতে আগুন, পুড়লো স্ত্রীর স্যান্ডেল

মেঘনাবার্তা প্রতিনিধি:

নেত্রকোনার সদর উপজেলার গজিনপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগের বাড়ির গেটে দুর্বৃত্তদের আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রীতম সোহাগ অভিযোগ করেছেন, রাজনৈতিক বিরোধের জের ধরে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা এ নাশকতা ঘটিয়েছে।

প্রীতম সোহাগ বলেন, “রাত ১২টার দিকে কে বা কারা বাড়ির ফটকের সামনে আগুন দিয়েছে। এতে আমার স্ত্রীর স্যান্ডেল ও পাপোশ পুড়ে যায়। ওপরে থাকা বিদ্যুতের কার্ড মিটারেরও ক্ষতি হয়েছে। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি, আগুন দ্রুত নিভে গেছে।”

তিনি জানান, সোমবার সকাল ৬টার দিকে আগুনের বিষয়টি টের পান। “গত রাতে জেলা শহর থেকে আমার স্ত্রীকে নিয়ে বাড়িতে এসে রাত ১০টার দিকে গেট বন্ধ করি। আজ সকালে লোকজন আমাকে ঘুম থেকে ডেকে জানায় যে আগুন ধরানো হয়েছে। ধারণা করা হচ্ছে, পেট্রল ঢেলে আগুন ধরানো হয়েছে। বাড়ি থেকে কিছুটা দূরে আমার চাচাতো ভাই এনামুল হকের মুদি দোকান থেকে তিনজনকে মোটরসাইকেল থেকে নামতে দেখেছেন। সম্ভবত তারা এ ঘটনা ঘটিয়েছে।”

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, “এনসিপি নেতার বাড়ির ফটকে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এমবি/এসআর