বাড্ডায় রিকশাচালকদের অবরোধে অচল কুড়িল–রামপুরা সড়ক
সড়ক থেকে লিথিয়াম ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধ করেছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। এতে কুড়িল থেকে রামপুরা সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
সড়ক থেকে লিথিয়াম ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধ করেছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। এতে কুড়িল থেকে রামপুরা সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বাড্ডার ফুজি টাওয়ারের সামনে অবস্থান নিয়ে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা। আন্দোলনকারীরা জানান, লিথিয়াম ব্যাটারির রিকশা চলাচল বন্ধ না করা হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন।
অবরোধের ফলে সকাল থেকেই ওই সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) আজহারুল ইসলাম বলেন, একটি নির্দিষ্ট দাবিকে কেন্দ্র করে ব্যাটারিচালিত রিকশার চালকরা সড়ক অবরোধ করে রেখেছেন। এর ফলে এই এলাকা দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এমনিতেই বাড্ডা এলাকায় মেট্রোরেল নির্মাণকাজ চলায় যান চলাচল ব্যাহত হচ্ছিল, তার ওপর সড়ক অবরোধে ভোগান্তি আরও কয়েকগুণ বেড়েছে।
তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং আন্দোলনকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
এমবি এইচআর

