কুষ্টিয়ায় বাঁশঝাড় থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মধুগাড়ী গ্রামে একটি বাঁশঝাড়ের ভেতর থেকে সিয়াম (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মধুগাড়ী গ্রামে একটি বাঁশঝাড়ের ভেতর থেকে সিয়াম (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সেহালা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে অবস্থিত একটি বাঁশঝাড়ে মরদেহটি দেখতে পান স্থানীয় কৃষকরা। পরে তারা দৌলতপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহত সিয়াম মধুগাড়ী গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় মুরগি ব্যবসায়ী ও এলাকার মসজিদের মোয়াজ্জেম শিপন আলীর ছেলে এবং গোয়ালগ্রাম কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর সিয়াম আর বাড়ি ফেরেননি। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হলেও তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন সকালে বাঁশঝাড়ের ভেতরে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
ঘটনাটি এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।
এমবি এইচআর

