ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৫
ভারতে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী ও জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) শীর্ষ নেতা অজিত পাওয়ার।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ভারতে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী ও জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) শীর্ষ নেতা অজিত পাওয়ার। আজ বুধবার (২৮ জানুয়ারি) সকালে মুম্বাই থেকে বারামতি যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পাইলট ও নিরাপত্তাকর্মীসহ মোট পাঁচজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
প্রতিবেদন অনুযায়ী, ছোট বিমানটি সকাল ৮টার দিকে মুম্বাই থেকে উড্ডয়ন করে। প্রায় ৪৫ মিনিটের ফ্লাইট শেষে বারামতি বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলে আগুন ও ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং বিমানের বিধ্বস্ত অংশ চারদিকে ছিটকে যায়। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠাতে একাধিক অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়।
ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) জানায়, বিমানে থাকা পাঁচজন আরোহীই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে।
এনডিটিভির খবরে বলা হয়, স্থানীয় সরকার নির্বাচনের আগে অজিত পাওয়ারের বারামতিতে চারটি গুরুত্বপূর্ণ জনসভায় অংশ নেওয়ার কথা ছিল।
৬৬ বছর বয়সী অজিত পাওয়ার ছিলেন ভারতের প্রভাবশালী রাজনীতিক ও এনসিপির প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের ভাতিজা এবং লোকসভা সদস্য সুপ্রিয়া সুলের চাচাতো ভাই। দুর্ঘটনার সময় শরদ পাওয়ার ও সুপ্রিয়া সুলে দিল্লিতে সংসদের বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০২৩ সালে অজিত পাওয়ার এনসিপিতে বিদ্রোহের নেতৃত্ব দেন, যার ফলে দলটি দুই ভাগে বিভক্ত হয়। একাংশের নেতৃত্ব দেন তিনি নিজে এবং অন্য অংশের নেতৃত্বে ছিলেন তার কাকা শরদ পাওয়ার। পরবর্তীতে অজিত পাওয়ার এনডিএ জোটে যোগ দিয়ে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এই মর্মান্তিক দুর্ঘটনায় ভারতের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
এমবি এইচআর

