জামালপুর জেলা কারাগারে সাজাপ্রাপ্ত হাজতির মৃত্যু

Jan 10, 2026 - 13:54
 0  3
জামালপুর জেলা কারাগারে সাজাপ্রাপ্ত হাজতির মৃত্যু
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

জামালপুর জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

কারাগার সূত্রে জানা গেছে, নিহত হাজতির নাম সুলতান শেখ। তিনি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। সুলতান শেখ ইসলামপুর উপজেলার নটারকান্দা এলাকার চটকু শেখের ছেলে।

জানা যায়, সুলতান শেখ দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও চর্মরোগে ভুগছিলেন। এর আগেও তাকে চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার সকালে প্রচণ্ড শীতের কারণে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। পরে অসুস্থ অবস্থায় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জামালপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার ইমতিয়াজ জাকারিয়া হাজতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত ওই হাজতিকে সকালে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমবি এইচআর