বাসচাপায় প্রাণ গেল মা-ছেলেসহ ৩ জনের, আহত ২০
ভোলার লালমোহন উপজেলার গজারিয়া বাজার সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা–ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ভোলার লালমোহন উপজেলার গজারিয়া বাজার সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা–ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ডা. আজাহার উদ্দিন কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হারাধন দাসের স্ত্রী শিল্পি রানী দাস (৫৫), তার ছেলে তুষার দাস (২৫) এবং একই এলাকার অটোরিকশা চালক আব্দুল হকের ছেলে মো. নছিম (৪৩)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শিল্পি রানী দাস ও তার ছেলে একটি রিজার্ভ অটোরিকশায় তজুমদ্দিন থেকে লালমোহনের গজারিয়া কলেজ পাড়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশা চালকসহ মা ও ছেলে ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এমবি এইচআর

