এই মুহূর্তে ব্যাংক ঋণের সুদহার কমানো সম্ভব নয় : অর্থ উপদেষ্টা

ব্যাংকিং খাত বর্তমানে অনেকটাই স্থিতিশীল হলেও এই মুহূর্তে ব্যাংক ঋণের সুদহার কমানো সহজ নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

Jan 10, 2026 - 14:10
 0  4
এই মুহূর্তে ব্যাংক ঋণের সুদহার কমানো সম্ভব নয় : অর্থ উপদেষ্টা
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ব্যাংকিং খাত বর্তমানে অনেকটাই স্থিতিশীল হলেও এই মুহূর্তে ব্যাংক ঋণের সুদহার কমানো সহজ নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, বাস্তবতার পরিপ্রেক্ষিতে এখনই ব্যাংক ঋণের সুদহার কমানো সম্ভব নয়। একই সঙ্গে ব্যবসায়ী ও কমিউনিটির সহায়তা ছাড়া সরকারের একার পক্ষে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাও কঠিন।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্যাংকিং অ্যালমানাকের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, জনপ্রিয়তার চাপে পড়ে নয়, বরং দেশের সামগ্রিক স্বার্থ বিবেচনা করেই নীতি নির্ধারণ করতে হয়। নীতি গ্রহণের ক্ষেত্রে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয় এবং এতে ভুল থাকার সম্ভাবনাও থেকে যায়।

নিজের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ভবিষ্যতে তিনি ব্যর্থ প্রতিষ্ঠানে যাবেন কি না তা জানা নেই। তবে গভর্নর হিসেবে পুরোপুরি ব্যর্থ হবেন বলে তিনি মনে করেন না। কিছু নীতিগত সিদ্ধান্তের ফলাফল সময়ের সঙ্গে সঙ্গে দৃশ্যমান হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত সবার প্রতি দেশের জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, মানুষের জন্য কাজ করাই সবচেয়ে বড় বিষয়। ভবিষ্যতেও সবাইকে একসঙ্গে বাংলাদেশের জন্য কাজ করতে হবে।

এমবি এইচআর