সন্তানহারা সেই মা কুকুর পেল নতুন ২ ছানা

পাবনার ঈশ্বরদীতে আটটি ছানা হারিয়ে শোকে ও শারীরিক যন্ত্রণায় অসুস্থ হয়ে পড়েছিল একটি মা কুকুর। স্তনে জমে থাকা দুধের চাপ ও মানসিক আঘাতে কষ্ট পেতে থাকা ওই প্রাণীটির পাশে দাঁড়িয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবীরা।

Dec 4, 2025 - 13:20
 0  2
সন্তানহারা সেই মা কুকুর পেল নতুন ২ ছানা
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

পাবনার ঈশ্বরদীতে আটটি ছানা হারিয়ে শোকে ও শারীরিক যন্ত্রণায় অসুস্থ হয়ে পড়েছিল একটি মা কুকুর। স্তনে জমে থাকা দুধের চাপ ও মানসিক আঘাতে কষ্ট পেতে থাকা ওই প্রাণীটির পাশে দাঁড়িয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবীরা। অবশেষে মা কুকুরটির যন্ত্রণা লাঘব করতে তাকে এনে দেওয়া হয়েছে নতুন দুটি ছানা। এখন সেই ছানাগুলো দুধ পান করছে মা কুকুরটির স্তন থেকে, আর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে সে।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ‘ঈশ্বরদীয়ান’ নামের স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক শাহরিয়ার অমিত নিজের পালিত কুকুরের সাতটি ছানা থেকে দুটি এনে দেন মা কুকুরটির কাছে। তিনি জানান, সন্তান হারিয়ে কুকুরটি মানসিক কষ্টে ভুগছিল এবং দুধ জমে তীব্র ব্যথা অনুভব করছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে তিনি ছানাগুলো এনে দেন।

প্রথমে মা কুকুরটি নতুন ছানাগুলো গ্রহণ করতে চাইছিল না। পরে স্তনের দুধ বের করে ছানাগুলোর মুখে লাগিয়ে দিলে ধীরে ধীরে ওদের নিজের ছানা হিসেবে মেনে নেয় এবং দুধ পান করানো শুরু করে। এখন ছানাদুটিকে আগলে রেখে যত্ন করছে সে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন জানান, মা কুকুরটির চিকিৎসায় ভেটেরিনারি সার্জন ফারুক হোসেনকে প্রধান করে আট সদস্যের একটি জরুরি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। তারা নিয়মিত প্রাণীটির স্বাস্থ্য পরীক্ষা করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, নতুন দুটি ছানাকে কাছে পেয়ে মা কুকুরটির শোক কিছুটা লাঘব হয়েছে।

‘টম’ নামের ওই কুকুরটি দীর্ঘদিন উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের এক কোণে থাকত। সপ্তাহখানেক আগে সে আটটি বাচ্চা প্রসব করে। কিন্তু গত রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যার পর ছানাগুলো নিখোঁজ হয়ে গেলে টম ছোটাছুটি ও কান্নাকাটি শুরু করে। পরে জানা যায়, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি রহমান ছানাগুলোকে বস্তাবন্দী করে পুকুরে ফেলে দেন। পরদিন তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে ২ ডিসেম্বর মামলা করেন। পুলিশ ওই রাতেই নিশি রহমানকে গ্রেপ্তার করে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে আদালতে হাজির করলে বিচারক তরিকুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আগামী ৬ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

এমবি এইচআর