নরসিংদীতে ওয়ার্কশপে ঘুমন্ত যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ

নরসিংদীতে চঞ্চল চন্দ্র ভৌমিক (২৩) নামে এক যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) গভীর রাতে শহরের পুলিশ লাইন এলাকায় এ ঘটনা ঘটে।

Jan 25, 2026 - 13:48
 0  3
নরসিংদীতে ওয়ার্কশপে ঘুমন্ত যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

নরসিংদীতে চঞ্চল চন্দ্র ভৌমিক (২৩) নামে এক যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) গভীর রাতে শহরের পুলিশ লাইন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত চঞ্চল কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের খোকন চন্দ্র ভৌমিকের ছেলে। তিনি নরসিংদী পুলিশ লাইন এলাকার খাঁবাড়ী মসজিদ মার্কেটের একটি গাড়ি ওয়ার্কশপে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার রাতেও কাজ শেষে পাশের একটি মেস থেকে খাবার খেয়ে ওয়ার্কশপের ভেতরেই ঘুমিয়ে পড়েন চঞ্চল। গভীর রাতে দুর্বৃত্তরা ওয়ার্কশপের শাটারের নিচে আগুন ধরিয়ে দেয়। ভেতরে পেট্রল ও মবিলসহ দাহ্য পদার্থ থাকায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান চঞ্চল।

ঘটনাস্থলের আশপাশে থাকা সিসিটিভি ফুটেজে কয়েকজন ব্যক্তিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দোকানের শাটারে আগুন দিতে দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ওয়ার্কশপের মালিক মো. রুবেল মিয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গুলশানা কবির জানান, অঙ্গার অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়েছিল। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

এমবি এইচআর