সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে ভাসমান ড্রামে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ক্যানেলের পানিতে ভাসমান একটি ড্রাম থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৩২ বছর বলে ধারণা করা হচ্ছে।

Jan 18, 2026 - 13:46
 0  2
সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে ভাসমান ড্রামে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ক্যানেলের পানিতে ভাসমান একটি ড্রাম থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৩২ বছর বলে ধারণা করা হচ্ছে।

রোববার (১৮ জানুয়ারি) সকাল ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ গোদনাইল নয়াপাড়া এলাকার হৃদয়মণি স্কুলসংলগ্ন জালকুড়ি সড়কের ক্যানেলপাড় থেকে ড্রামটি উদ্ধার করে।

পুলিশ জানায়, স্থানীয়দের চোখে প্রথমে পড়ে ক্যানেলে ভাসতে থাকা একটি সন্দেহজনক ড্রাম। বিষয়টি অস্বাভাবিক মনে হলে তারা দ্রুত পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে ড্রামটি উদ্ধার করে খুললে ভেতরে একটি মরদেহ পাওয়া যায়। মরদেহে পচন ধরতে শুরু করায় তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশের প্রাথমিক ধারণা, ওই যুবককে হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে ড্রামের ভেতরে ভরে ক্যানেলে ফেলে দেওয়া হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম সিদ্দিকী বলেন, ঘটনাটি অত্যন্ত রহস্যজনক। মরদেহ উদ্ধারের পর আশপাশের এলাকা ঘিরে তদন্ত শুরু করা হয়েছে। আলামত সংগ্রহের পাশাপাশি সম্ভাব্য প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলা হচ্ছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত করতে পিবিআই ও সিআইডি টিমকে অবহিত করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এমবি এইচআর