ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দেলসি রদ্রিগেজ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী দেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।

Jan 6, 2026 - 12:13
 0  1
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দেলসি রদ্রিগেজ
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী দেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। সোমবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে জাতীয় পরিষদের এক সংসদীয় অধিবেশনে ৫৬ বছর বয়সী দেলসি রদ্রিগেজ শপথ গ্রহণ করেন। তিনি ২০১৮ সাল থেকে দেশটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

এদিকে মার্কিন সামরিক অভিযানে ক্ষমতাচ্যুত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো বর্তমানে যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছেন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, মাদুরো ব্যক্তিগতভাবে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন এবং অবৈধভাবে ক্ষমতায় অবস্থান করছিলেন। এসব অভিযোগে তাকে বিচারের জন্য নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হয়েছে।

দেলসি রদ্রিগেজকে শপথবাক্য পাঠ করান তার ভাই জর্জ রদ্রিগেজ, যিনি ভেনেজুয়েলার জাতীয় পরিষদের আইনসভার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। সোমবার অনুষ্ঠিত ওই অধিবেশনে জানানো হয়, গত মে মাসে জাতীয় পরিষদের জন্য মোট ২৮৩ জন আইনপ্রণেতা নির্বাচিত হয়েছেন।

তবে নির্বাচিত আইনপ্রণেতাদের মধ্যে খুব কমসংখ্যককেই বিরোধী হিসেবে চিহ্নিত করা হয়েছে। কারণ, অধিকাংশ বিরোধী দল নির্বাচন বর্জন করেছিল। বিশেষ করে নোবেল পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদোর নেতৃত্বাধীন বিরোধী জোট এ নির্বাচনে অংশ নেয়নি। বিরোধীদের দাবি ছিল, নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও নিরপেক্ষ ছিল না।

শপথ অনুষ্ঠানে একমাত্র অনুপস্থিত আইনপ্রণেতা ছিলেন ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।

শপথ গ্রহণের পর দেলসি রদ্রিগেজ মাদুরো ও তার স্ত্রীকে আটকের ঘটনাকে ‘অপহরণ’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘অবৈধ সামরিক আগ্রাসনের বেদনা নিয়ে আমি শপথ নিচ্ছি।’ একই সঙ্গে তিনি দেশের শান্তি ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার করেন।

সংসদীয় অধিবেশনে মাদুরোর ছেলেও উপস্থিত ছিলেন। তিনি তার মা-বাবার দ্রুত দেশে ফিরে আসার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় মাদুরো ও দেলসি রদ্রিগেজের সমর্থনে কয়েক হাজার মানুষ ভেনেজুয়েলার পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

উল্লেখ্য, দেলসি রদ্রিগেজের শপথ গ্রহণের মাত্র দুই ঘণ্টা আগে নিউইয়র্কের আদালতে নিজেকে নির্দোষ দাবি করে নিকোলা মাদুরো বলেন, ‘আমি একজন সজ্জন ব্যক্তি। আমি এখনো আমার দেশের প্রেসিডেন্ট।’ একই সঙ্গে তিনি নিজেকে ‘অপহৃত’ ও ‘যুদ্ধবন্দি’ হিসেবেও দাবি করেন। মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার ও সন্ত্রাসবাদের চারটি অভিযোগ আনা হয়েছে।

এমবি এইচআর