শেখ হাসিনাসহ ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ শুরু
বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি)-এ ২৬ জনকে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর প্রতিরক্ষাবিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ সাবেক ও বর্তমান ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ

সোমবার (১৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলায় শেখ হাসিনা ও তারিক সিদ্দিক ছাড়াও ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালক (ডিজি), পাঁচ পরিচালক এবং একজন সাবেক লেফটেন্যান্ট কর্নেলকে আসামি করা হয়েছে। তবে এ মামলায় বর্তমানে তিনজন গ্রেপ্তার রয়েছেন। অপর ১০ আসামি পলাতক, যাদের মধ্যে পাঁচজন বিভিন্ন সময়ে ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পলাতক ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালকদের মধ্যে রয়েছেন— লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ আকবর হোসেন, মেজর জেনারেল (অব.) সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আহমেদ তাবরেজ শামস চৌধুরী এবং মেজর জেনারেল (অব.) হামিদুল হক।
এ ছাড়া অন্য পলাতক আসামিরা হলেন— শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ তৌহিদুল উল ইসলাম, মেজর জেনারেল কবীর আহাম্মদ ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) মখছুরুল হক।
এই মামলার সাক্ষ্যগ্রহণের মাধ্যমে জেআইসি-এ গুম ও নির্যাতনের অভিযোগে আলোচিত এই বিচারিক প্রক্রিয়ায় নতুন ধাপ শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এমবি এইচআর