ছেলেমেয়েদের রক্তের বিনিময়ে চট করে নেতা হয়েছে: মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলটির প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, রাজনৈতিক জীবনে তার এখানে পৌঁছাতে বহু ঘাট পার হতে হয়েছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলটির প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, রাজনৈতিক জীবনে তার এখানে পৌঁছাতে বহু ঘাট পার হতে হয়েছে। ১৯৭৭ সাল থেকে রাজনীতি শুরু করে দীর্ঘ পথ পেরিয়ে তিনি বর্তমান অবস্থানে এসেছেন উল্লেখ করে তিনি বলেন, “ওরা তো সেসব ঘাট পার হয়নি। কিছু ছেলেমেয়েদের রক্তের বিনিময়ে চট করে নেতা হয়ে গেছে। আর আমরা রক্ত দিয়ে নেতা হয়েছি।”
সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা আব্বাস বলেন, বর্তমান নির্বাচনী পরিস্থিতিতে ভোটের আনন্দ উপভোগ করা কঠিন হয়ে পড়েছে। তার ভাষায়, “ভোটটা তো আসলে উপভোগ করার বিষয়, কিন্তু এবার উপভোগ করা যাচ্ছে না।” তিনি দাবি করেন, বিরোধী দল ও তাদের সহযোগীদের আচরণ নির্বাচনের পরিবেশের জন্য উপযোগী নয়।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীসহ বিরোধী পক্ষের আচরণ নির্বাচনী শিষ্টাচারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এতে নির্বাচন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। “এরা প্রপার না, যেটা নির্বাচনের জন্য এপ্রোপ্রিয়েট তা না,”—এভাবেই বিরোধীদের আচরণ বর্ণনা করেন তিনি।
মির্জা আব্বাস অভিযোগ করেন, বিরোধীরা পরামর্শ গ্রহণে অনাগ্রহী এবং উল্টোপাল্টা ব্যাখ্যা ও বক্তব্য দিয়ে পরিস্থিতি আরও জটিল করে তুলছে। এ প্রসঙ্গে তিনি জানান, ইতোমধ্যে নির্বাচন কমিশনে একাধিক অভিযোগ জমা দিয়েছেন তিনি।
তিনি বলেন, বিরোধীদের কথাবার্তা, আচরণ ও বডি ল্যাঙ্গুয়েজ মিলিয়ে বর্তমানে নির্বাচন সহনীয় পরিবেশে হচ্ছে না। তবে ভোটারদের মধ্যে ভোট দেওয়ার আগ্রহ ও উৎসাহ রয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
এমবি এইচআর

