চাঁদপুরে ‘আলোর পথ’ সামাজিক সংগঠনের উদ্যোগে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ

পবিত্র রমজান উপলক্ষে চাঁদপুরে পথচারী ও বিভিন্ন যানবাহনের চালকদের মাঝে ইফতার ও রান্না করা খাবার বিতরণ করেছে ‘আলোর পথ’ সামাজিক সংগঠন।

Mar 14, 2026 - 15:17
 0  4
চাঁদপুরে ‘আলোর পথ’ সামাজিক সংগঠনের উদ্যোগে পথচারী ও চালকদের মাঝে  ইফতার বিতরণ
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

পবিত্র রমজান উপলক্ষে চাঁদপুরে পথচারী ও বিভিন্ন যানবাহনের চালকদের মাঝে ইফতার ও রান্না করা খাবার বিতরণ করেছে ‘আলোর পথ’ সামাজিক সংগঠন। মানবিক এই উদ্যোগটি শুক্রবার (১৩ মার্চ) বিকেলে চাঁদপুর পৌরসভার বিভিন্ন সড়কে পরিচালিত হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আর্তমানবতার সেবায় নিবেদিত এই সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই কোনো ব্যক্তিস্বার্থ বা প্রচারণা ছাড়াই বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। রমজান উপলক্ষে অসহায় ও কর্মজীবী মানুষের পাশে দাঁড়াতেই এই ইফতার বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।

শুক্রবার আসর নামাজের পর থেকেই চাঁদপুর জেলার প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সংগঠনের একঝাঁক তরুণ সদস্যকে ইফতারের প্যাকেট হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে রাস্তায় চলাচলরত অসহায় পথচারী, রিকশা চালক, অটোরিকশা ও দূরপাল্লার ট্রাক চালকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

অনেক চালক, যারা ইফতারের সময় যানজটে আটকে ছিলেন, তারা খাবার পেয়ে সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মানবিক এই উদ্যোগ স্থানীয়দের মাঝেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে সার্বিক দিকনির্দেশনা দেন সংগঠনের সভাপতি সুজন চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক মাহির তাজওয়ার নিরব। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মেহরাজ গাজী, সহ-সভাপতি মেহেদী হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক অঝোর দাস, প্রচার সম্পাদক মোহন গাজী, সিনিয়র সদস্য সচিব সোহাগ গাজী ও বাকীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সংগঠনের সভাপতি সুজন চন্দ্র দাস বলেন, “আমরা বিশ্বাস করি মানুষের সেবা করাই পরম ধর্ম। পবিত্র রমজানে একজন রোজাদার পথচারীর মুখে ইফতার তুলে দিতে পারা আমাদের জন্য বড় পাওয়া। ভবিষ্যতেও আমাদের এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

সংগঠনটির এমন নিঃস্বার্থ উদ্যোগ দেখে স্থানীয় চাঁদপুরবাসী ও সচেতন মহল প্রশংসা করেছেন।

এমবি এইচআর