গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কারখানায় আগুন, নিহত ৫

রাজধানীর কেরানিগঞ্জ উপজেলার কদমতলী এলাকায় একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Apr 4, 2026 - 17:28
 0  3
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কারখানায় আগুন, নিহত ৫
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

রাজধানীর কেরানিগঞ্জ উপজেলার কদমতলী এলাকায় একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ঢাকা দক্ষিণ জোনের কমান্ডার ফয়সালুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় এক নারীসহ আরও তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। এছাড়া নাঈম নামে এক কিশোর শ্রমিকসহ অন্তত ৫ জন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন স্বজনরা।

শনিবার বেলা পৌনে ১টার দিকে কেরানিগঞ্জ উপজেলার আগানগর ইউনিয়নের আমবাগিচা বউ বাজার এলাকায় অবস্থিত ওই টিনশেড কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে ইউনিট সংখ্যা বাড়িয়ে ৭টিতে উন্নীত করা হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ব্যাপক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই কারখানার ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। এতে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয়রা জানান, কারখানাটিতে প্রায় দুই শতাধিক শ্রমিক কাজ করতেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে দ্রুত ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, কারখানাটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। এর আগেও একই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

এমবি এইচআর