হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় পূর্ববিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।

Dec 9, 2025 - 15:03
 0  4
হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় পূর্ববিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত কাকাইলছেও ইউনিয়নের কুমেদপুর এলাকায় প্রায় দুই ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে। এতে নারীসহ অর্ধশতাধিক মানুষ আহত হন।

নিহত ব্যক্তির নাম রাসেল মিয়া (৪৫)। তিনি কুমেদপুর এলাকার ছুরত মিয়ার ছেলে। আহতদের মধ্যে রয়েছেন—রাব্বি মিয়া (১৮), ছাব্বির (২১), ইন্তাজ আলী (১৬), সেলিম (২৫), বাবলু (৩৫), জিয়াউর (৫০), তকদির (২৮), আলতু মিয়া (১৮), রায়হান (২৮), আশরাফ উদ্দিন (২৪), মাসুম (২৬), জীবন (২৮) ও আমেনা খাতুন (২৫)।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, বিগত কয়েকদিন ধরে কুমেদপুরের হান্নান মিয়ার অনুসারী ও সরকার হাটীর আল কোরান সওদাগরের অনুসারীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলছিল। এর ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় কাকাইলছেও বাজারে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে, যেখানে অন্তত ২০ জন আহত হন এবং বেশ কয়েকটি দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

এই উত্তেজনার জের ধরে মঙ্গলবার সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে গুরুতর আহত রাসেল মিয়াকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক অভিজিৎ পাল জানান, রাসেলকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন কালবেলা বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এমবি এইচআর