মার্ভেল ছেড়ে ডিসিতে স্কারলেট জোহানসন?

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স (এমসিইউ) থেকে বিদায় নেওয়ার চার বছর পর এবার ডিসি ইউনিভার্সে যোগ দেওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে অভিনেত্রী স্কারলেট জোহানসনের।

Dec 4, 2025 - 13:55
 0  2
মার্ভেল ছেড়ে ডিসিতে স্কারলেট জোহানসন?
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স (এমসিইউ) থেকে বিদায় নেওয়ার চার বছর পর এবার ডিসি ইউনিভার্সে যোগ দেওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে অভিনেত্রী স্কারলেট জোহানসনের। নেক্সাস পয়েন্ট নিউজের বরাতে জানা গেছে, ম্যাট রিভস পরিচালিত ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ চলচ্চিত্রে অভিনয়ের বিষয়ে চূড়ান্ত আলোচনায় রয়েছেন তিনি।

চুক্তি সম্পন্ন হলে ২০২১ সালের ব্লকবাস্টার ‘দ্য ব্যাটম্যান’-এর বহু প্রতীক্ষিত সিক্যুয়েলে অভিনয়ের মাধ্যমে নতুন চমক উপহার দেবেন স্কারলেট। পরিকল্পনা অনুযায়ী আগামী বছরই ছবিটির শুটিং শুরু হবে। তবে গথামে প্রবেশের আগেই তিনি অভিনয় করবেন ‘দ্য এক্সরসিস্ট’–এর নতুন কিস্তিতে, যার জন্য গত সপ্তাহে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন।

হলিউডের অন্যতম প্রভাবশালী ও ব্যস্ত তারকা স্কারলেট জোহানসন। এমসিইউতে নাতাশা রোমানফ বা ব্ল্যাক উইডো চরিত্রে তাঁর জনপ্রিয়তা বিশ্বজোড়া। এ বছরের জুলাইয়ে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’। পাশাপাশি ‘এলিনর দ্য গ্রেট’ সিনেমার মাধ্যমে পরিচালনায়ও আত্মপ্রকাশ করেছেন তিনি।

তবে ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’–এর যাত্রা ছিল নানা বাধায় জর্জরিত। ওয়ার্নার ব্রাদার্স ২০২২ সালে প্রথম সিক্যুয়েলের ঘোষণা দিলেও ডিসি স্টুডিও প্রধান জেমস গান ও পিটার সাফরান মুক্তির তারিখ দু-দুবার পরিবর্তন করেন। ২০২৫ থেকে পরিবর্তিত হয়ে ২০২৬, আর সর্বশেষ নির্ধারিত হয়েছে ২০২৭ সালের ১ অক্টোবর।

সিনেমায় ব্যাটম্যান বা ব্রুস ওয়েনের ভূমিকায় ফিরছেন রবার্ট প্যাটিনসন। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য লিখছেন ম্যাট রিভস ও ম্যাটসন টমলিন। প্রথম কিস্তির সফলতার ধারাবাহিকতায় কলিন ফ্যারেল, জোয়ে ক্রাভিটজ, পল ডানো, অ্যান্ডি সার্কিস ও ব্যারি কিওগানও থাকছেন এই ফ্র্যাঞ্চাইজিতে। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘দ্য ব্যাটম্যান’ বক্স অফিসে ৭৭০.৩ মিলিয়ন ডলার আয় করে ব্যাপক সাফল্য পায়।

এমবি এইচআর