খাগড়াছড়িতে সেনা অভিযানে কোটি টাকার কাঠ জব্দ
খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় সেনাবাহিনীর অভিযানে প্রায় ৪ হাজার ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার করা হয়েছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় সেনাবাহিনীর অভিযানে প্রায় ৪ হাজার ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার করা হয়েছে। উপজেলার বর্মাছড়িমূখ বাজারসংলগ্ন দেওয়ানপাড়া এলাকায় পরিচালিত এ অভিযানে উদ্ধারকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।
নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, গতকাল বুধবার (২৯ অক্টোবর) নিয়মিত টহল অভিযানের অংশ হিসেবে সেনা সদস্যরা এলাকাটিতে যান। টহলের উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারীরা পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কাঠ পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অধীন লক্ষীছড়ি জোনের সেনাসদস্যরা এই অভিযান পরিচালনা করেন। সূত্র জানায়, বর্মাছড়িমূখ ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের প্রভাব বিস্তারের সুযোগে অবৈধ কাঠ পাচারসহ নানা অপরাধমূলক কার্যক্রম চলছিল। সেনাবাহিনীর এ অভিযান সেই অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা বলেন, “জনগণের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় এবং অবৈধ চোরাচালান বন্ধে সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এমবি/টিআই

