মুন্সিগঞ্জে ভাড়া বাসায় মা ও শিশু কন্যাকে পিটিয়ে হত্যার সন্দেহ

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় একটি ভাড়া বাড়ি থেকে এক নারী ও তাঁর শিশু কন্যার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Jan 19, 2026 - 17:08
 0  2
মুন্সিগঞ্জে ভাড়া বাসায় মা ও শিশু কন্যাকে পিটিয়ে হত্যার সন্দেহ
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় একটি ভাড়া বাড়ি থেকে এক নারী ও তাঁর শিশু কন্যার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার দক্ষিণ রাজানগর এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, মা ও মেয়েকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নিহতরা হলেন আমেনা বেগম (৩২) ও তাঁর মেয়ে মরিয়ম আক্তার (৮)। আমেনা বেগম তাঁর স্বামী মিজান মিয়াসহ ওই এলাকার নুরুজ্জামান সরকারের বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় চার মাস আগে পরিবারটি সেখানে বসবাস শুরু করে। স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। সোমবার সকাল থেকে আমেনার ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীরা ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেলে দরজা ভেঙে ভেতরে ঢুকে ঘরের মেঝেতে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ বেলা একটার দিকে ঘটনাস্থলে পৌঁছে বেলা দুইটার দিকে মরদেহ উদ্ধার করে। ঘরের ভেতর থেকে রক্তমাখা একটি লাঠিও জব্দ করা হয়েছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হান্নান জানান, ঘটনার পর থেকে আমেনা বেগমের স্বামী মিজান মিয়া পলাতক রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। সম্ভাব্য আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি আরও জানান, নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এমবি এইচআর