লক্ষ্মীপুরে সেপটিক ট্যাংক থেকে কলেজছাত্রের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

লক্ষ্মীপুর সদরে দুর্গন্ধের উৎস অনুসন্ধান করতে গিয়ে একটি সেপটিক ট্যাংক থেকে এক কলেজছাত্রের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

Jan 25, 2026 - 13:53
 0  2
লক্ষ্মীপুরে সেপটিক ট্যাংক থেকে কলেজছাত্রের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর সদরে দুর্গন্ধের উৎস অনুসন্ধান করতে গিয়ে একটি সেপটিক ট্যাংক থেকে এক কলেজছাত্রের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চন্দ্রপ্রভাবাঘ গ্রামের শেখের বাড়ির সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফজলে রাব্বি (২২) সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামের সৈয়দ মিয়া পাটওয়ারীবাড়ির বেল্লাল হোসেনের ছেলে। তিনি চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণির ছাত্র ছিলেন।

পরিবার ও স্বজনদের সূত্রে জানা গেছে, গত ১৮ জানুয়ারি রাতে চন্দ্রগঞ্জ থেকে উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লি বাজারে যান রাব্বি। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে পরদিন তার বাবা চন্দ্রগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন।

পুলিশ জানায়, মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট নয়। তবে হাত-পা বাঁধা থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর সেপটিক ট্যাংকের ভেতর ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনায় শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিহতের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, যেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে, আশপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। স্থানীয় বাসিন্দারা দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে সেপটিক ট্যাংকের ভেতরে মরদেহটি দেখতে পান। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

এমবি এইচআর