টেকনাফে ৬ কোটি টাকার অস্ত্র–মাদকসহ দুই যুবক আটক
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে অস্ত্র, গোলাবারুদ, ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ আনুমানিক ৬ কোটি টাকা মূল্যের অবৈধ সামগ্রী জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ ঘটনায় অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে অস্ত্র, গোলাবারুদ, ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ আনুমানিক ৬ কোটি টাকা মূল্যের অবৈধ সামগ্রী জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ ঘটনায় অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) ভোরে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটকরা হলেন ওই এলাকার বাসিন্দা ইসমাইলের ছেলে জুনায়েদ প্রকাশ মুন্না (২৪) এবং মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরের পেরানপুর এলাকার বাসিন্দা পেরান আলীর ছেলে রোহিঙ্গা নাগরিক হামিদ উল্লাহ (৩৭)।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় জুনায়েদের বাড়িতে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ অস্ত্র মজুদ রাখার গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী অভিযান চালায়। অভিযানে জুনায়েদ ও তার সহযোগী হামিদ উল্লাহকে আটক করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যে জুনায়েদের বাড়ি এবং একই এলাকার মো. ইউনুসের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ, একটি একনলা বন্দুক, ৪৭ রাউন্ড বিদেশি গুলি, ১২৬ পিস ইয়াবা, দুটি ওয়াকিটকি ও কয়েকটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
নৌবাহিনী জানায়, আটক দুই মাদক ব্যবসায়ী ও জব্দ করা মালামাল পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
আইএসপিআর আরও জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক নিরাপত্তা জোরদার এবং অপরাধ দমনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করছে।
এমবি এইচআর

