গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ২৬ জন রিমান্ডে

গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে সংঘবদ্ধ জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় ৫১ আসামির মধ্যে ২৬ জনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Jan 13, 2026 - 18:55
 0  3
গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ২৬ জন রিমান্ডে
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে সংঘবদ্ধ জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় ৫১ আসামির মধ্যে ২৬ জনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে বাকি ২৫ আসামির জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) গাইবান্ধা আদালতের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা জেলার তিনটি উপজেলার ৫১টি কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারসহ বিভিন্ন অসদুপায় অবলম্বনের অভিযোগে গাইবান্ধা সদর উপজেলার ৩৭টি কেন্দ্র থেকে ৩৭ জন, পলাশবাড়ী উপজেলার ৪টি কেন্দ্র থেকে ১২ জন এবং ফুলছড়ি উপজেলার ২টি কেন্দ্র থেকে ২ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

গাইবান্ধা কোর্ট ইন্সপেক্টর জামাল উদ্দিন জানান, মামলার প্রেক্ষিতে ২৬ আসামিকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। অপরদিকে নারীসহ ২৫ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

এমবি এইচআর