নারীর বিবস্ত্র ভিডিও ধারণের পর ধর্ষণ, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

শরীয়তপুরের বন বিভাগ এলাকায় সংঘটিত আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি মারুফ খানকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

Dec 18, 2025 - 14:22
 0  3
নারীর বিবস্ত্র ভিডিও ধারণের পর ধর্ষণ, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

শরীয়তপুরের বন বিভাগ এলাকায় সংঘটিত আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি মারুফ খানকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন নরসিংহপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মারুফ খান শরীয়তপুর পৌরসভার দক্ষিণ মধ্যপাড়া এলাকার বাসিন্দা রাজ্জাক খানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুই সন্তানের জননী এক বিবাহিতা নারী তার পরকীয়া প্রেমিকের সঙ্গে মাদারীপুর ভ্রমণে যান। মাদারীপুরে ঘোরাফেরা শেষে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শরীয়তপুরের মনোহর মোড় থেকে হেঁটে বন বিভাগের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি তাদের মারধর করে বন বিভাগের ভেতরে নিয়ে যায়।

এ সময় ভুক্তভোগী নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হয় এবং তার ইচ্ছার বিরুদ্ধে মারুফ খানসহ অন্যরা তাকে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। পরে ধারণকৃত ভিডিও ডিলিট করার কথা বলে ভুক্তভোগীদের কাছে ১০ হাজার টাকা দাবি করা হয়।

একপর্যায়ে ভুক্তভোগীদের শারীরিক অবস্থার অবনতি হলে দুজন ব্যক্তি এসে তাদের প্রধান সড়কে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরদিন ভুক্তভোগী নারী পালং মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার গুরুত্ব বিবেচনায় র‍্যাব-৮ ও র‍্যাব-১১ যৌথ অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করে।

র‍্যাব-৮ মাদারীপুরের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, গ্রেপ্তার আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পালং মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এমবি এইচআর