গাজীপুরে বিশেষ অভিযানে ২ পিস্তল ও ২৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার
গাজীপুর মহানগরের গাছা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ ডিসেম্বর) রাতে গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর পূর্বপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ

গ্রেপ্তারকৃত যুবকের নাম মোসলেম উদ্দিন মিয়া, যিনি মিয়া কসাই নামে পরিচিত। তার বয়স ৪০ বছর। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, সোমবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ খাইলকুর পূর্বপাড়া এলাকার বগারটেক চায়না ফ্যাক্টরি গলিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় ওই এলাকার বাসিন্দা তাহেরের মালিকানাধীন একটি বাড়ির ভাড়াটিয়া কক্ষ তল্লাশি করে মোসলেম উদ্দিন মিয়ার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, গ্রেপ্তার মোসলেম উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং শাহজাহানপুর থানায় অস্ত্র আইনে মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধার করা অবৈধ অস্ত্রের উৎস এবং এর সঙ্গে জড়িত সম্ভাব্য সহযোগীদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এমবি এইচআর