শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে শাবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা বর্জন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে দিনভর বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে দিনভর বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে প্রশাসনিক ভবনের সামনে থেকে ক্লাস ও পরীক্ষা বর্জনের ডাক দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। তারা জানান, ইতোমধ্যে কয়েকটি বিভাগ ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে। আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সব বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানানো হয়। পাশাপাশি বুধবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তারা।
এদিকে শাকসু নির্বাচন স্থগিতসংক্রান্ত উচ্চ আদালতের আদেশের বিরুদ্ধে জরুরি শুনানির জন্য চেম্বার জজ আদালতে মঙ্গলবার আবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে পূর্ণাঙ্গ আদেশের অনুলিপিসহ নিয়মিত আপিল দায়েরের নির্দেশ দেওয়ায় তাৎক্ষণিক শুনানির জন্য আবেদনটি গৃহীত হয়নি। বিশ্ববিদ্যালয়ের প্যানেল আইনজীবী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (১৯ জানুয়ারি) রাতে প্রশাসনিক ভবনে তালা ঝোলানোর পর প্রায় ১২ ঘণ্টা অবরুদ্ধ অবস্থায় ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ মো. ইসমাইল হোসেনসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। পরে রাত সাড়ে ১২টার দিকে তারা মুক্ত হন।
উল্লেখ্য, তিন প্রার্থীর করা রিটের পরিপ্রেক্ষিতে সোমবার হাইকোর্ট শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেন। দীর্ঘ ২৮ বছর পর মঙ্গলবার শাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এমবি এইচআর

