জকসু নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে: শিক্ষক সমিতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন সামগ্রিকভাবে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রইছ উদ্দিন।

Jan 6, 2026 - 17:26
 0  2
জকসু নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে: শিক্ষক সমিতি
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন সামগ্রিকভাবে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রইছ উদ্দিন। তিনি বলেন, ‘ছোটখাটো কিছু অনিয়মের অভিযোগ থাকলেও মোটের ওপর একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে।’

আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে অধ্যাপক রইছ উদ্দিন বলেন, শিক্ষক সমিতি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে না; বরং পুরো জগন্নাথ বিশ্ববিদ্যালয়—শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিনিধিত্ব করে। এই অবস্থান থেকেই নির্বাচন পর্যবেক্ষণ করা হয়েছে। এখন পর্যন্ত মূল্যায়নে শিক্ষক সমিতির মতে, একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

তিনি জানান, নির্বাচন চলাকালে কিছু ছোটখাটো অনিয়ম ও বিভ্রান্তির অভিযোগ পাওয়া গেছে, যা নির্বাচন কমিশনের নজরে আনা হয়েছে এবং আলোচনার মাধ্যমে সেগুলোর সমাধানও করা হয়েছে।

শিক্ষক সমিতির সভাপতি আরও বলেন, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর দেশ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে, সেই চেতনাই নির্বাচনী আচরণে প্রতিফলিত হওয়া উচিত। নির্বাচন মানেই পক্ষ-বিপক্ষ থাকবে, তবে দিন শেষে সবাইকে ভোটার ও সহকর্মী হিসেবে গ্রহণ করার মানসিকতা থাকতে হবে।

তিনি বলেন, নির্বাচনে জয়-পরাজয়ের ঊর্ধ্বে ১৮ হাজার শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সম্মিলিত স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বিষয়টি শুধু বক্তব্যে নয়, বাস্তব আচরণেও প্রতিফলিত হওয়া জরুরি।

কিছু কেন্দ্রে এজেন্টদের ভোটার তালিকা সংক্রান্ত জটিলতার প্রসঙ্গ তুলে ধরে অধ্যাপক রইছ উদ্দিন জানান, অভিযোগ পাওয়ার পর নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান করা হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষক সমিতি কোনো নির্দিষ্ট প্যানেলের পক্ষে বা বিপক্ষে অবস্থান নেয় না। যিনি নির্বাচিত হবেন, তিনিই শিক্ষক সমিতির কাছে সবার প্রতিনিধি। বিভাজন ও দোষারোপের রাজনীতি সমর্থন করে না শিক্ষক সমিতি।

এমবি এইচআর