জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ঘৃণাস্তম্ভ’: রাজাকারদের ছবিতে ময়লা নিক্ষেপ

মহান বিজয় দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাজাকার ও স্বাধীনতাবিরোধীদের ছবি প্রদর্শন করে তাতে ময়লা–আবর্জনা নিক্ষেপের কর্মসূচি পালন করেছেন একদল শিক্ষার্থী।

Dec 16, 2025 - 15:40
 0  2
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ঘৃণাস্তম্ভ’: রাজাকারদের ছবিতে ময়লা নিক্ষেপ
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাজাকার ও স্বাধীনতাবিরোধীদের ছবি প্রদর্শন করে তাতে ময়লা–আবর্জনা নিক্ষেপের কর্মসূচি পালন করেছেন একদল শিক্ষার্থী। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের পুরোনো কলাভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রদর্শনীর নাম দেওয়া হয় ‘ঘৃণাস্তম্ভ’

আয়োজকেরা জানান, মহান মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী রাজাকার, আলবদর ও আলশামসের উত্তরসূরিদের নতুন করে ‘হিরো’ বানানোর অপচেষ্টার প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি। তাঁদের ভাষ্য অনুযায়ী, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশে মুক্তিযুদ্ধবিরোধীদের কোনো স্থান নেই—এই বার্তাই প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে।

বেলা ১১টার দিকে পুরোনো কলাভবনের সামনে দেখা যায়, একটি খুঁটিতে মোট ১০টি ছবি ঝোলানো রয়েছে। ছবিগুলোর নিচে স্তূপ করে রাখা হয়েছে ময়লা–আবর্জনা। পাশে রাখা ছিল একটি ডাস্টবিন। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রদর্শিত ছবিগুলো গোলাম আযম, কাদের মোল্লা ও মতিউর রহমান নিজামীর। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় কয়েকটি ছবিতে দাঁড়ি সংযোজন করা হয়েছে।

নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী এবং আল–বেরুনী হল সংসদের সাধারণ সম্পাদক মুন্তাসির বিল্লাহ খান বলেন, বাংলাদেশে রাজাকার ও মুক্তিযুদ্ধবিরোধীরা আবর্জনার মতোই অপ্রাসঙ্গিক। প্রতীকী অর্থে তাঁদের ছবি আবর্জনার পাশে রেখে ময়লা নিক্ষেপ করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই দেশে রাজাকারদের ঠাঁই নেই।

নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী নবীন কিশোর গোস্বামী বলেন, মুক্তিযুদ্ধবিরোধীদের প্রতি ঘৃণা থেকেই এই আয়োজন। এটি তাঁদের জন্য একটি ঘৃণাস্তম্ভ।

এমবি এইচআর