৩০ মিনিটে আম্মারকে ক্যাম্পাস থেকে তাড়ানোর হুঁশিয়ারি রাবি ছাত্রদলের
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সভাপতি সালাহউদ্দিন আম্মার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সভাপতি সালাহউদ্দিন আম্মার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ। তিনি বলেছেন, ছাত্রদল মাত্র ৩০ মিনিটের মধ্যে আম্মারকে ক্যাম্পাস থেকে বের করে দিতে সক্ষম। এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
সোহাগ বলেন, ‘গতকাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিন অফিস, উপাচার্য, রেজিস্টার ও প্রক্টর অফিসে তালা দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে তাদের অনুরাগীরা। আমরা প্রতিবাদ জানিয়েছিলাম এবং সাধারণ শিক্ষার্থীরা আমাদের প্রতিবাদকে স্বাগত জানিয়েছে। কিন্তু রাকসুর কিছু নেতারা আমাদের প্রতিবাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন।’
তিনি আরো বলেন, ‘আমরা বলছি, ছাত্রদলের সাথে লাগতে আসবেন না। শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলই ৩০ মিনিটের মধ্যে আম্মারকে ক্যাম্পাস থেকে বের করে দিতে পারবে।’
এদিকে, এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে সালাহউদ্দিন আম্মার নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি লেখেন, ‘আল্টিমেটাম দিলাম, আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের পক্ষে থাকা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা যদি ক্যাম্পাসে ঢুকে তাহলে জোহা চত্বরে বেঁধে রাখবো। রেগে গেল ক্যাম্পাসের ছাত্রদল ও বিএনপি।’
সালাহউদ্দিন আরও বলেন, ‘ছাত্রদল ও ছাত্রলীগ একই ভাষায় বিবৃতি দিয়েছে যে বিএনপিপন্থী শিক্ষকরা ভিসির কাছে নালিশ করেছে তারা ক্যাম্পাসে আসতে ভয় পাচ্ছে। আমি বললাম, লীগকে আর ভয় পাচ্ছে বিএনপির শিক্ষকরা।’
তিনি শাকিলুরের বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, ‘ছাত্রদলের এক চাচা আজ ঘোষণা দিয়েছে ৩০ মিনিটে তালা মেরে দিবে, বলি চাচা শুনুন, মন দিয়ে শুনবেন! ২০০৭ থেকে ২০২৫ পর্যন্ত ক্যাম্পাসে থাকা বোঝা হবো না। ১দিন থাকলে থাকার মতো করেই থাকবো। আওয়ামী ফ্যাসিস্টদের উৎখাতে কাজ করবো, সাহস থাকলে আসুন চান্দাভাই।’
আজ দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে স্বাগত মিছিল ও সমাবেশ করেছে। মিছিলে ‘মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান বীরের দেশে আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ প্রভৃতি স্লোগান দেওয়া হয়।
সমাবেশে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘দীর্ঘ ১৮ বছর পর জননেতা তারেক রহমান দেশে ফিরছেন। দেশের মঙ্গল, নিরাপত্তা নিশ্চিতকরণ ও উন্নয়নের লক্ষ্যে তার প্রত্যাবর্তন। যারা ২৫ ডিসেম্বরের পর দেশের অস্থিতিশীলতা সৃষ্টি করবে, বিএনপি তাদের প্রতিহত করবে।’
এমবি এইচআর

