বৃহস্পতিবার থেকে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু

দীর্ঘ ১৪ বছর পর ঢাকা–করাচি রুটে সরাসরি (নন-স্টপ) ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে এই রুটে ফ্লাইট পরিচালনা শুরু হবে। প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন—বৃহস্পতিবার ও শনিবার—এই রুটে ফ্লাইট চলবে।

Jan 28, 2026 - 11:28
 0  2
বৃহস্পতিবার থেকে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

দীর্ঘ ১৪ বছর পর ঢাকা–করাচি রুটে সরাসরি (নন-স্টপ) ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে এই রুটে ফ্লাইট পরিচালনা শুরু হবে। প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন—বৃহস্পতিবার ও শনিবার—এই রুটে ফ্লাইট চলবে।

ট্রানজিট ছাড়াই সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রীদের যাত্রার সময় উল্লেখযোগ্যভাবে কমবে এবং খরচও কমবে সর্বনিম্ন প্রায় ৩০ হাজার টাকা পর্যন্ত। আগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ট্রানজিট হাব ব্যবহার করে দীর্ঘ সময় ও অতিরিক্ত ব্যয়ে যাতায়াত করতে হতো।

ঢাকা থেকে করাচি পর্যন্ত ১ হাজার ৪৭১ মাইল পথ অতিক্রমে ব্যবহার করা হবে ১৬২ আসনের বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাজ। এই রুটে যাত্রা সম্পন্ন হতে সময় লাগবে আনুমানিক তিন ঘণ্টা।

বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, প্রথম ফ্লাইটের সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। দ্বিতীয় ফ্লাইটেরও ৮০ শতাংশের বেশি আসন বিক্রি হয়েছে। তিনি বলেন, সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রা হবে স্বাচ্ছন্দ্যপূর্ণ, দ্রুত এবং ট্রানজিট ঝামেলামুক্ত।

দীর্ঘদিন পর পাকিস্তানে সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদের মতে, এতে দুই দেশের মানুষের যোগাযোগ বাড়বে এবং ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।

এভিয়েশন বিশেষজ্ঞ ও দ্য বাংলাদেশ মনিটর-এর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম বলেন, এই রুট চালু হওয়ায় শুধু যাত্রী পরিবহন নয়, কার্গো পরিবহনেও বড় সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে।

উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণে ২০১২ সালে ঢাকা–করাচি রুটে ফ্লাইট বন্ধ করা হয়েছিল। নতুন করে এই রুট চালু হওয়ায় যাত্রীরা রাউন্ড ট্রিপে সর্বনিম্ন প্রায় ৫১ হাজার টাকায় যাতায়াত করতে পারবেন, যা আগের তুলনায় ৩০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত কম।

এমবি এইচআর