চাঁদপুরে গভীর রাতে সড়ক দুর্ঘটনা, অটোরিকশা যাত্রী নিহত

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় শাহজালাল (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে শহরের ওয়ারলেছ এলাকার তরপুরচণ্ডি স্কুলের সামনের মোড়ে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

Jan 14, 2026 - 13:08
 0  3
চাঁদপুরে গভীর রাতে সড়ক দুর্ঘটনা, অটোরিকশা যাত্রী নিহত
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় শাহজালাল (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে শহরের ওয়ারলেছ এলাকার তরপুরচণ্ডি স্কুলের সামনের মোড়ে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও দুজন আহত হয়েছেন। তাঁরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। নিহত শাহজালাল হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও গ্রামের মোল্লা বাড়ির মৃত শাহ আলমের ছেলে। আহতদের মধ্যে একজন মো. মমিন (১৯), তিনি একই এলাকার কুদ্দুসের ছেলে। অপর আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রাতের দিকে শাহজালালসহ কয়েকজন যাত্রী অটোরিকশাযোগে শহর থেকে বাবুরহাটের দিকে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাঁদের চাঁদপুর সরকারি হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে শাহজালালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে কুমিল্লার দাউদকান্দি এলাকায় তিনি মারা যান। অপর এক আহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, নিহত যুবকের মরদেহ সদর হাসপাতালে রাখা হয়েছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

ওসি ফয়েজ আহমেদ জানান, দুর্ঘটনায় জড়িত পিকআপ ভ্যান ও অটোরিকশা পুলিশ লাইন্সে জব্দ করা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমবি এইচআর