বিএনপি নেতাকে গুলি করে হত্যা

পাবনার ঈশ্বরদীতে ইটভাটার জন্য মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

Dec 17, 2025 - 13:27
 0  3
বিএনপি নেতাকে গুলি করে হত্যা
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

পাবনার ঈশ্বরদীতে ইটভাটার জন্য মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত বীরু মোল্লা (৬০) মৃত আবুল মোল্লার ছেলে। তিনি লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের ছেলে রাজিব মোল্লা জানান, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জহুরুল মোল্লা ও তার ছেলে আল আমিন মোল্লা জোরপূর্বক ইটভাটার কাজে ব্যবহারের জন্য তাদের জমি থেকে মাটি কেটে নেয়। এ বিষয়ে বুধবার সকালে জহুরুল মোল্লার কাছে প্রতিবাদ জানাতে গেলে তিনি ও তার ছেলে ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে অবৈধ অস্ত্র দিয়ে বীরু মোল্লার মাথায় গুলি করেন তারা।

গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. তাসনিম তামান্না স্বর্ণা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র জানায়, নিহত বীরু মোল্লা ও অভিযুক্ত জহুরুল মোল্লা আপন চাচাতো ভাই।

ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন বলেন, “আমাদের দলের একজন নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। এটি কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নয়, ইটভাটার মাটি কাটাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।”

এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান জানান, “বীরু মোল্লা নামে এক বিএনপি নেতার নিহত হওয়ার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এমবি এইচআর