ইপিজেডে বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন

নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড)-এর সনিক বাংলাদেশ লিমিটেডের বন্ধ কারখানা দ্রুত খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকরা। আজ রবিবার সকাল ১১টার দিকে ইপিজেডের প্রধান ফটকের সামনে তারা এ মানববন্ধনে অংশ নেন।

Nov 23, 2025 - 15:21
 0  3
ইপিজেডে বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড)-এর সনিক বাংলাদেশ লিমিটেডের বন্ধ কারখানা দ্রুত খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকরা। আজ রবিবার সকাল ১১টার দিকে ইপিজেডের প্রধান ফটকের সামনে তারা এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে কারখানার শ্রমিক নাজমুল হোসেন, শরিফুল মণ্ডল, রাবেয়া বেগম, আসমা বেগম, ইয়াসমিন, রুবেল রানা, আব্দুর রহমান ও সুজন ইসলামসহ অনেকে বক্তব্য দেন। পরে শ্রমিকরা উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালকের বরাবর একটি স্মারকলিপি জমা দেন।

শ্রমিকদের দাবি— কারখানাটি শুধু কর্মস্থল নয়, এটি তাদের জীবিকা ও পরিবারের ভবিষ্যতের ভরসা। শান্ত ও স্থিতিশীল কর্মপরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব হলেও কেউ কেউ ব্যক্তিগত স্বার্থে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। নিজেদের ও পরিবারের স্বার্থে কোনো উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানান তারা।

তারা আরও জানান, তারা আর কোনো বিশৃঙ্খলা বা আন্দোলন চান না, শুধুই দ্রুত কর্মস্থলে ফেরার নিশ্চয়তা চান। ইপিজেড সচল থাকলে শ্রমিকদের জীবন-জীবিকা বজায় থাকবে বলেও তারা মনে করেন।

পটভূমি

গত ১৬ নভেম্বর সনিক কারখানার শ্রমিকরা ২৬ দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করেন। মালিকপক্ষ ১৭ নভেম্বর দাবি মেনে নিলেও কিছু শ্রমিক এতে সন্তুষ্ট হননি। ১৮ নভেম্বর শতাধিক শ্রমিক জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিলে উৎপাদন ব্যাহত হয়। পরে একই দিন কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

এমবি এইচআর