নির্বাচনী অফিস উদ্বোধনে হামলা, স্বতন্ত্র প্রার্থীর কর্মী নিহত

ময়মনসিংহের ধোবাউড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি নির্বাচনী অফিস উদ্বোধন করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্বতন্ত্র প্রার্থীর এক কর্মী নিহত হয়েছেন।

Jan 17, 2026 - 11:43
 0  3
নির্বাচনী অফিস উদ্বোধনে হামলা, স্বতন্ত্র প্রার্থীর কর্মী নিহত
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ময়মনসিংহের ধোবাউড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি নির্বাচনী অফিস উদ্বোধন করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্বতন্ত্র প্রার্থীর এক কর্মী নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে এ ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম (৪৬) রামসিংহপুর এলাকার হাজী মফিজ উদ্দিনের ছেলে। তিনি ময়মনসিংহ-১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের কর্মী বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় এরশাদ বাজারে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের নির্বাচনী অফিস উদ্বোধন অনুষ্ঠানের সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নজরুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাকে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ও জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সন্ধ্যায় ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমবি এইচআর