জামায়াত আমিরের বক্তব্যের কড়া প্রতিবাদ সালাহউদ্দিনের
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলার কোনাখালী ইউনিয়নের জংগলকাটা এলাকায় এক নির্বাচনী পথসভায় তিনি এ প্রতিবাদ জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, “গতকাল জামায়াতের আমির সাহেব যে বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকে নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য উপস্থাপন করেছেন।” তিনি অভিযোগ করেন, জামায়াতের মতো একটি দল—যারা একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল—তারাই আজ মুক্তিযুদ্ধের ইতিহাস ব্যাখ্যা করার চেষ্টা করছে।
তিনি বলেন, “জামায়াত আমির দাবি করেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি, বরং কর্নেল অলি আহমদ তা দিয়েছেন। এ ধরনের বক্তব্য ইতিহাস বিকৃতির শামিল।”
বিএনপির এ নেতা আরও বলেন, “জামায়াতে ইসলামী একজন মুক্তিযোদ্ধাকে দলে যুক্ত করে, কার্যত ভাড়া করে, একটি সাইনবোর্ড দেখাতে চাইছে যে তাদেরও মুক্তিযোদ্ধা আছে। সেই মুক্তিযোদ্ধাকে ব্যবহার করে তারা নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধারা কখনোই এটি মেনে নেবেন না।”
সালাহউদ্দিন আহমদ বলেন, “এই দেশের সব দেশপ্রেমিক মানুষ ও স্বাধীনতার পক্ষের শক্তি এই ইতিহাস বিকৃতির বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলবে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে যারা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে, মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে শালীন ভাষায় হলেও দৃঢ়ভাবে প্রতিবাদ জানানো আমাদের দায়িত্ব। সেই দায়িত্ব থেকেই আমি আজ তাদের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “এই ধরনের বক্তব্য অস্বাভাবিক নয়। কারণ যারা একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ ইতিহাস বিকৃত করবে—এটাই স্বাভাবিক। তবে বাংলাদেশের মানুষ সব জানে। জনগণ বুঝে গেছে, নতুন রূপে নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা আসলে প্রতারণা ও ভণ্ডামি ছাড়া কিছু নয়।”
নারী ইস্যুতে জামায়াতের অবস্থানের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, “কয়েক দিন আগে তারা নারীসমাজকে চরমভাবে অপমান করেছে। সাক্ষাৎকারে কর্মজীবী নারীদের পতিতাদের সঙ্গে তুলনা করা হয়েছে। পাশাপাশি নারীদের কর্মঘণ্টা কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বাস্তবে এটি নারীদের কল্যাণ নয়, বরং নারীদের কর্মসংস্থান ধ্বংসের একটি পরিকল্পনা।”
এ সময় কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহীম চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমবি এইচআর

