চট্টগ্রামে নির্বাচনী প্রচারে তারেক রহমান, জনসমুদ্রে পলোগ্রাউন্ড

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী মহাসমাবেশ শুরু হয়েছে। রবিবার কঠোর নিরাপত্তার মধ্যে বেলা ১২টা ১৪ মিনিটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মঞ্চে ওঠেন।

Jan 25, 2026 - 13:27
 0  2
চট্টগ্রামে নির্বাচনী প্রচারে তারেক রহমান, জনসমুদ্রে পলোগ্রাউন্ড
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী মহাসমাবেশ শুরু হয়েছে। রবিবার কঠোর নিরাপত্তার মধ্যে বেলা ১২টা ১৪ মিনিটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মঞ্চে ওঠেন। এ সময় মুহূর্মুহু করতালিতে সমাবেশস্থল মুখরিত হয়ে ওঠে। হাস্যোজ্জ্বল তারেক রহমান হাত নেড়ে নেতা-কর্মী ও সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন।

এটি তারেক রহমানের নির্বাচনী প্রচারের দ্বিতীয় পর্ব। গত ২২ জানুয়ারি সিলেট থেকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেন। ২০০৫ সালের ৬ মে চট্টগ্রামের লালদীঘি মাঠে সর্বশেষ জনসভা করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব। এবার তিনি বিএনপির চেয়ারম্যান হিসেবে চট্টগ্রাম সফরে এসেছেন।

পলোগ্রাউন্ড মাঠে এটিই তারেক রহমানের প্রথম সমাবেশ। এর আগে ২০১২ সালের ৯ জানুয়ারি এই মাঠে তার মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনসভা অনুষ্ঠিত হয়েছিল।

সমাবেশকে ঘিরে ভোর থেকেই চট্টগ্রাম নগরীর বিভিন্ন ওয়ার্ড ও উপজেলা ছাড়াও কক্সবাজার এবং তিন পার্বত্য জেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। ব্যানার, ফেস্টুন ও রঙিন পোশাকে সাজানো এসব মিছিল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পলোগ্রাউন্ড মাঠ পূর্ণ করে তোলে।

এই মহাসমাবেশে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সংসদীয় আসনের বিএনপি প্রার্থীরা উপস্থিত রয়েছেন।

সমাবেশে যোগ দেওয়ার আগে তারেক রহমান নগরীর র‌্যাডিসন ব্লু বে ভিউ হোটেলের মেজবান হলে ‘ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে তরুণদের সঙ্গে মতবিনিময় করেন। চট্টগ্রাম ও আশপাশের ৫০টি বিশ্ববিদ্যালয় ও কলেজের ৩৪০ জনের বেশি শিক্ষার্থী এতে অংশ নেন। সেখানে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপি চেয়ারম্যান।

দেড় দশকের বেশি সময় যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। সেদিন দেশে ফিরে দেওয়া প্রথম বক্তব্যে তিনি বলেছিলেন, ‘আই হ্যাভ আ প্ল্যান।’ চট্টগ্রামের বিএনপি নেতারা আশা করছেন, আজকের সমাবেশে চট্টগ্রামবাসীর সামনে তিনি সেই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরবেন।

চট্টগ্রামের সমাবেশ শেষে তারেক রহমান বিকাল ৪টায় ফেনীর পাইলট স্কুল মাঠে, বিকাল সাড়ে ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে, সন্ধ্যা ৭টায় সোয়াগাজী ডিগবাজির মাঠে, সন্ধ্যা সাড়ে ৭টায় দাউদকান্দি ঈদগাঁ মাঠে এবং রাত সাড়ে ১১টায় কাঁচপুর বালুরমাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এমবি এইচআর