আমার হাঁস আমারই চাষ করা ধান খাইব : রুমিন ফারহানা

ভোটকেন্দ্র পাহারা দিয়ে জাল ভোট প্রতিরোধে কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

Jan 24, 2026 - 19:36
 0  2
আমার হাঁস আমারই চাষ করা ধান খাইব : রুমিন ফারহানা
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ভোটকেন্দ্র পাহারা দিয়ে জাল ভোট প্রতিরোধে কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুরে এক পথসভায় তিনি এ আহ্বান জানান।

রুমিন ফারহানা বলেন, “আপনারা ভোটকেন্দ্র পাহারায় থাকবেন। যেন একটি জাল ভোটও দিতে না পারে। আমার একটা হাঁসও যেন কোনো শিয়াল চুরি না করে। গুনে গুনে হাঁস আপনারা খোঁয়ারে তুলবেন।”
তিনি আরও বলেন, “১৫ বছর হালচাষ করলাম, বীজ দিলাম, ধান লাগালাম। ফসল কাটার সময় যদি মরুভূমি আসে, তাহলে কেমন লাগে। আমার হাঁস আমার চাষ করা ধানই খাইব।”

বিএনপির সাবেক এই নেত্রী বলেন, “এবার সাধারণ মানুষের প্রতীক, জনতার প্রতীক হলো হাঁস। এটা কোনো দলের প্রতীক নয়, কোনো বিশেষ গোষ্ঠীরও নয়। হাঁস মার্কা উন্নয়নের মার্কা, গণতন্ত্রের মার্কা, সাহসের মার্কা, সততার মার্কা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মার্কা। সংসদের ৩০০ এমপির বিরুদ্ধে একা লড়াই করার মার্কা। এটি কোনো নেতার বা কোনো হাই কমান্ডের মার্কা নয়—এটা সাধারণ মানুষের মার্কা।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, “আপনারা ১২ তারিখ সারা দিন-রাত ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারায় থাকবেন। আপনারাই আমার ভোটের হেফাজতকারী। আপনারা একটা দিন আমার জন্য কষ্ট করেন। আগামী পাঁচ বছরে এই দুই উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলব।”

পথসভায় গ্যাস সংকটের বিষয়টি তুলে ধরে রুমিন ফারহানা বলেন, “আমার মা-বোনেরা আমাকে গ্যাসের কথা বলেছেন। ব্রাহ্মণবাড়িয়ায় হাজার নেতা এসেছেন, হাজার নেতা গেছেন। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস আগে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ পাবে, তারপর বাংলাদেশের অন্য এলাকায় যাবে—এই কথা আমি প্রথম বলেছি। হাইকমান্ডের ডানহাত, বামহাত কিংবা কোনো নেতাকেই এই কথা বলতে শুনিনি। এলাকার মানুষের যা দাবি, আমারও তাই দাবি।”

এমবি এইচআর