খুলনায় এনসিপি নেতাকে গুলি, অবস্থা আশঙ্কাজনক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধানের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

Dec 22, 2025 - 12:54
 0  3
খুলনায় এনসিপি নেতাকে গুলি, অবস্থা আশঙ্কাজনক
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধানের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে মাথায় গুলি করা হয়েছে বলে জানিয়েছে দলটি।

সোমবার (২২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু।

পোস্টে তিনি লেখেন, ‘এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে কিছুক্ষণ আগে গুলি করা হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।’

ঘটনার পরপরই এনসিপির নেতাকর্মীদের মধ্যে চরম উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। দলটির পক্ষ থেকে এ হামলাকে পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস বলে দাবি করা হয়েছে।

তবে হামলার স্থান, সময় ও হামলাকারীদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এনসিপির নেতারা বলছেন, ধারাবাহিকভাবে রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা প্রমাণ করে দেশে অস্থিরতা ও সহিংসতার মাত্রা ভয়াবহ রূপ নিচ্ছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এমবি এইচআর