ইজিবাইককে চাপা দিয়ে খাদে যাত্রীবাহী বাস, মাদারীপুরে নিহত ৬
মাদারীপুরে ব্যাটারিচালিত একটি ইজিবাইককে চাপা দিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
মাদারীপুরে ব্যাটারিচালিত একটি ইজিবাইককে চাপা দিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন— মাদারীপুর শহরের শকুনি এলাকার নেছার উদ্দিন মুন্সীর ছেলে পান্নু মুন্সী (৫০), সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান (২৫) এবং কুনিয়া দক্ষিণ পাড়া এলাকার জসিম বেপারীর ছেলে সাগর (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাদারীপুর নতুন বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া সার্বিক পরিবহনের একটি বাস ঘটকচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
পরে স্থানীয়রা ও উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে।
মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, দুর্ঘটনায় মোট ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এমবি এইচআর

