এপস্টাইন কেলেঙ্কারিতে জড়িয়ে সাবেক ব্রিটিশ মন্ত্রীর পদত্যাগ

যুক্তরাজ্যের সাবেক মার্কিন রাষ্ট্রদূত ও প্রভাবশালী লেবার পার্টি নেতা পিটার ম্যান্ডেলসন জেফ্রি এপস্টাইন কেলেঙ্কারির সঙ্গে নিজের নাম পুনরায় জড়িয়ে পড়ায় দলীয় সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) ব্রিটিশ গণমাধ্যমের বরাতে আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

Feb 2, 2026 - 11:25
 0  2
এপস্টাইন কেলেঙ্কারিতে জড়িয়ে সাবেক ব্রিটিশ মন্ত্রীর পদত্যাগ
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

যুক্তরাজ্যের সাবেক মার্কিন রাষ্ট্রদূত ও প্রভাবশালী লেবার পার্টি নেতা পিটার ম্যান্ডেলসন জেফ্রি এপস্টাইন কেলেঙ্কারির সঙ্গে নিজের নাম পুনরায় জড়িয়ে পড়ায় দলীয় সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) ব্রিটিশ গণমাধ্যমের বরাতে আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, লেবার পার্টিকে আরও বিব্রতকর পরিস্থিতি থেকে রক্ষা করতেই ম্যান্ডেলসন এ সিদ্ধান্ত নিয়েছেন। গত বছর এপস্টাইনের সঙ্গে তার যোগাযোগসংক্রান্ত ই-মেইল প্রকাশের পর তাকে ওয়াশিংটনে যুক্তরাজ্যের শীর্ষ কূটনৈতিক পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

বিবিসি ও দ্য গার্ডিয়ান জানায়, লেবার পার্টির কাছে পাঠানো এক চিঠিতে ম্যান্ডেলসন লেখেন, এপস্টাইনকে ঘিরে সাম্প্রতিক সময়ে যে ‘যৌক্তিক ক্ষোভ’ তৈরি হয়েছে, তাতে আবারও তার নাম উঠে আসায় তিনি গভীরভাবে দুঃখিত ও অনুতপ্ত। তিনি দাবি করেন, ২০০০-এর দশকের শুরুতে এপস্টাইনের কাছ থেকে অর্থ নেওয়ার যে অভিযোগ উঠেছে, তা তিনি বিশ্বাস করেন না, তবে বিষয়টি যাচাই হওয়া প্রয়োজন বলেও স্বীকার করেন।

এর আগে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ম্যান্ডেলসন বলেন, ওই অর্থপ্রদানের কোনো স্মৃতি তার নেই এবং প্রকাশিত নথিগুলোর সত্যতা নিয়েও তিনি নিশ্চিত নন। একই সঙ্গে এপস্টাইনের সঙ্গে কখনো পরিচিত হওয়ার জন্যও দুঃখ প্রকাশ করেন তিনি।

চিঠিতে আরও বলা হয়, বিষয়টি তদন্তাধীন থাকাকালে তিনি লেবার পার্টিকে আর বিব্রত করতে চান না বলেই সদস্যপদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এপস্টাইনের দ্বারা নির্যাতিত নারী ও কিশোরীদের উদ্দেশে ক্ষমা প্রার্থনা করে তিনি বলেন, অনেক আগেই তাদের কণ্ঠস্বর শোনা উচিত ছিল।

ফিন্যান্সিয়াল টাইমস ও বিবিসির তথ্যমতে, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) প্রকাশিত তদন্ত নথিতে উল্লেখ রয়েছে—২০০৩ ও ২০০৪ সালে ম্যান্ডেলসন ও তার সঙ্গী এপস্টাইনের কাছ থেকে মোট ৭৫ হাজার মার্কিন ডলার পেয়েছিলেন। নথিগুলো গত শুক্রবার প্রকাশ করা হয়।

ওই নথিতে একটি ছবির কথাও উল্লেখ করা হয়েছে, যেখানে অন্তর্বাস পরা এক নারীর পাশে ম্যান্ডেলসনকে দেখা যায়। যদিও যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ নারীর মুখ ঝাপসা করে রেখেছে। এ বিষয়ে ম্যান্ডেলসন বলেন, ছবিটি কোথায় তোলা হয়েছিল, নারীটি কে কিংবা কোন পরিস্থিতিতে সেটি ধারণ করা হয়—এসব কিছুই তার মনে নেই।

এমবি এইচআর