গভীর রাতে ফোন পেয়ে বেরিয়ে যান জাবেদ, সকালে উদ্ধার গলাকাটা মরদেহ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের খোদ্দ বিলাইচণ্ডী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Dec 24, 2025 - 15:05
 0  2

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের খোদ্দ বিলাইচণ্ডী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম জাবেদ আলী (৬০)। তিনি দীর্ঘদিন ধরে মাছ ও পাখি শিকার করে জীবিকা নির্বাহ করতেন। তাঁর বাড়ি পার্শ্ববর্তী নীলফামারীর সৈয়দপুর উপজেলার পীরপাড়া গ্রামে। ঘটনাস্থলটি তাঁর বাড়ি থেকে আনুমানিক এক কিলোমিটার দূরে অবস্থিত।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ১২টার দিকে জাবেদ আলীর ব্যবহৃত মুঠোফোনে একটি ফোনকল আসে। কলটি পাওয়ার পরপরই তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর রাতে আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন, তিনি হয়তো পাখি শিকারে গেছেন।

আজ সকালে স্থানীয় বাসিন্দারা খোদ্দ বিলাইচণ্ডী এলাকার ডালিয়া সেচ ক্যানেলের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে জাবেদ আলীর গলাকাটা মরদেহ শনাক্ত করেন।

খবর পেয়ে প্রথমে সৈয়দপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে তারাগঞ্জ থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

নিহতের বাড়িতে গিয়ে দেখা যায়, স্ত্রী উম্মে কুলসুম বিলাপ করে কাঁদছেন। বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন তিনি। জ্ঞান ফিরে পেয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মোর স্বামীক কে মারল? ওর তো কোনো শত্রু নাই। এখন হামার কী হবে?’

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রহস্যজনক ফোনকলসহ সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে বলে তিনি জানান।

এমবি এইচআর