উত্তেজনা বাড়ছে: যুক্তরাষ্ট্রকে শক্ত জবাবের হুঁশিয়ারি ইরানের
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সম্ভাব্য যেকোনো সামরিক হামলার তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সম্ভাব্য যেকোনো সামরিক হামলার তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি পুনর্ব্যক্ত করার কয়েক ঘণ্টা পর বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
আব্বাস আরাগচি লিখেছেন, ইরানের সাহসী সশস্ত্র বাহিনী দেশের ভূমি, আকাশ ও সমুদ্রসীমার বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দিতে প্রস্তুত, এবং প্রয়োজন হলে তাদের ‘আঙুল ট্রিগারে’ রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, গত বছরের জুনে ইসরায়েলের কয়েক দিনের সামরিক হামলা এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার অভিজ্ঞতা থেকে দেশটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, ১২ দিনের সেই সংঘাত ইরানের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করেছে এবং দ্রুত ও ব্যাপক পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি জোরদার করেছে।
এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, একটি বিশাল মার্কিন নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে, যা প্রয়োজনে দ্রুত শক্তি প্রয়োগে প্রস্তুত।
মঙ্গলবার দেওয়া এক ভাষণেও ট্রাম্প বলেন, তিনি আশা করছেন ইরান আলোচনায় বসতে সম্মত হবে।
তবে জবাবে আব্বাস আরাগচি বলেন, সামরিক হুমকির পাশাপাশি কূটনৈতিক আলোচনা ফলপ্রসূ হতে পারে না। সত্যিকার অর্থে আলোচনায় আগ্রহী হলে যুক্তরাষ্ট্রকে হুমকি দেওয়া ও অপ্রাসঙ্গিক বিষয় উত্থাপন বন্ধ করতে হবে।
এদিকে সরকারবিরোধী বিক্ষোভ দমন নিয়ে পশ্চিমা দেশগুলোর বাড়তি চাপের মুখে রয়েছে তেহরান। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হুমকি মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে বিশ্লেষকদের ধারণা।
এমবি এইচআর

