পাম্পে দাঁড়িয়ে থাকা স্কুলবাসে আগুন
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে উথলী মোড়ে সারমানো সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের পাশে পার্কিং করে রাখা অবস্থায় হঠাৎ আগুন ধরে যায় বাসটিতে।
স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে বাসটির পেছন দিক থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। প্রথমে পাম্পের কর্মচারী ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিস এসে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাম্পের পাশে আরও কয়েকটি ট্রাক থাকলেও সেগুলো অক্ষত রয়েছে। এতে স্থানীয়দের ধারণা, ঘটনাটি নাশকতা হতে পারে।
বাসচালক মন্টু মিয়া বলেন, শনিবার রাতে বাসটির পেছনের কাচ ভেঙে টিভি ও সাউন্ড বক্স চুরি হয়েছিল, এরপর আজ বাসটি আগুনে পুড়ে গেল।
বাসটির মালিক সিয়াম আহামেদ জানান, এটি স্কুলের শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত হতো। আগুনে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে। আশপাশের কোনো গাড়ি না পুড়ে শুধু তার বাসটি পুড়েছে—তাই তিনি নাশকতার আশঙ্কা করছেন।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আমান উল্লাহ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্তের পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।
এমবি/টিআই

