সন্তানহারা মা কুকুর পেল নতুন ৪ ছানা, আদর-যত্নে কাটছে সময়

পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে ৮টি কুকুরছানা হত্যার মর্মান্তিক ঘটনাটি প্রকাশ্যে আসার পর ব্যাপক ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়।

Dec 4, 2025 - 18:55
 0  2
সন্তানহারা মা কুকুর পেল নতুন ৪ ছানা, আদর-যত্নে কাটছে সময়
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে ৮টি কুকুরছানা হত্যার মর্মান্তিক ঘটনাটি প্রকাশ্যে আসার পর ব্যাপক ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়। সন্তানহারা মা কুকুরটি টানা কয়েকদিন দিশাহারা হয়ে ঘুরে বেড়ালেও শেষ পর্যন্ত সে নতুন করে পেল চারটি কুকুরছানা—যাদের এখন আগলে রাখছে ঠিক আপন সন্তানের মতো।

জানা যায়, বুধবার (৩ ডিসেম্বর) ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঈশ্বরদীয়ান’-এর কর্মকর্তা শাহরিয়ার অমিত প্রথমে দুটি নবজাতক কুকুরছানা মা কুকুরটির কাছে নিয়ে আসেন। সংগঠনের সদস্যরা কুকুরটির বুকের দুধ ছানাদের গায়ে মাখিয়ে দিলে মুহূর্তেই তাদের গন্ধে সাড়া দিয়ে মা কুকুরটি ছানাগুলোকে আপন করে নেয়।

এরপর বৃহস্পতিবার আরও দুটি নতুন কুকুরছানা দত্তক দেওয়া হয় টম নামের সেই মা কুকুরকে। একই পদ্ধতিতে দুধের গন্ধ ছড়ানো হলে সেগুলোকেও টম আগলে নেয় মাতৃত্বের টানে। ঘটনাস্থলে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকারসহ কর্মকর্তা–কর্মচারীরা এ দৃশ্য দেখে আবেগাপ্লুত হন।

ঈশ্বরদীয়ান স্বেচ্ছাসেবী সংগঠনের মুখপাত্র শাহরিয়ার অমিত বলেন, “৮টি ছানা হারানোর পর টম মানসিকভাবে ভেঙে পড়েছিল। তার বেস্টে জমাট দুধের কারণে কষ্ট পাচ্ছিল। তাই আমরা নতুন ছানাগুলো এনে দিই। এখন টম তাদের নিজের সন্তানের মতোই দুধ খাওয়াচ্ছে। মনে হচ্ছে সে তার সব বেদনা ভুলে গেছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, “টমকে নতুন জীবন দিতে পেরে আমরা স্বস্তি পেয়েছি। কয়েকদিন ধরে প্রশাসনের সবাই কাজেও মন দিতে পারছিলেন না—চোখে ভেসে উঠছিল টমের সেই অসহায় মনুষ্যত্বকেও হার মানানো আকুতি। প্রকৃতি সত্যিই বৈচিত্র্যময়, ৮টি ছানা হত্যার ঘটনায় অভিযুক্তের বিচার প্রকৃতি নিজেই করেছে।”

এমবি এইচআর